কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ জোনাল গ্যাস অফিসকে কেন্দ্র করে একটি শক্তিশালী দালাল সিন্ডিকেটের ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও কোটি টাকার অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। নির্ধারিত নিয়ম-কানুন ও সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে গ্রাহকদের "মোটামুটি" বা জরুরি সংযোগ দেওয়ার আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্র। এই চক্রের মূল হোতা হিসেবে রফিক ও শাহআলম নামের দুই ব্যক্তির নাম স্থানীয়ভাবে ব্যাপকভাবে আলোচনায় এসেছে।স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহলের সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে এই চক্রটি তাদের কার্যক্রম চালিয়ে আসছে। বৈধ প্রক্রিয়ায় গ্যাস সংযোগ পেতে যেখানে বছরের পর বছর অপেক্ষা করতে হয় কিংবা সরকারিভাবে নতুন আবাসিক সংযোগ বন্ধ রয়েছে, সেখানে এই চক্রকে মোটা অঙ্কের ঘুষ দিলে মিলছে অবৈধ সংযোগ। এই প্রক্রিয়ায় একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে, যারা স্থানীয় প্রভাব ও অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, রফিক ও শাহআলম সিন্ডিকেট গ্রাহকদের কাছ থেকে লাইন প্রতি লাখ টাকা পর্যন্ত আদায় করছে। টাকা দিলে তিতাসের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে রাতের আঁধারে বা ছুটির দিনে মূল পাইপলাইন ফুটো করে ঝুঁকিপূর্ণ সংযোগ দেওয়া হয়।অভিযোগ রয়েছে, এই চক্রটি নিজেদের অপকর্ম আড়াল করতে এবং প্রশাসনের নজর এড়াতে কিছু অসাধু স্থানীয় নামধারী সাংবাদিককে নিয়মিত মাসোহারা দিয়ে "ম্যানেজ" করে রাখে। ফলে এই বিশাল অনিয়মের বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও তা গণমাধ্যমে বা প্রকাশ্যে আসতে বাধার সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি ও প্রতারণার শিকার হলেও এই প্রভাবশালী সিন্ডিকেটের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।এই অবৈধ সংযোগ বাণিজ্যের কারণে একদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ঝুঁকিপূর্ণ লাইনের কারণে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস দুর্ঘটনা ও বিস্ফোরণের ঝুঁকি চরমভাবে বৃদ্ধি পেয়েছে। এলকার সচেতন মহল এই চক্রের খুঁটির জোর নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে রফিক, শাহআলমসহ তিতাসের পর্দার পেছনের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উচ্চপদস্থ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত