মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে মোঃ ফারুক হোসেন নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে দীঘিনালা উপজেলার মাইনী ব্রিজ সংলগ্ন তিন রাস্তার মোড়ে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। দীঘিনালা থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ইয়াবা সেবনরত অবস্থায় মোঃ ফারুক হোসেনকে হাতেনাতে আটক করে। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেনের পিতার নাম মোঃ আব্দুল খালেক। তিনি দীঘিনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালতের আদেশ বাস্তবায়নে দীঘিনালা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার বলেন, মাদকের বিরুদ্ধে দীঘিনালা থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলমান থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত