মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
করোনা মহামারির সেই কঠিন দিনগুলো এখনও ভুলতে পারেননি সিরাজগঞ্জের অনেক মানুষ। যখন সংক্রমণের ভয়ে মানুষ ঘরবন্দি, অনেকেই আত্মীয়-স্বজনের খোঁজ নিতে দ্বিধাগ্রস্ত, তখন শহরের বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলি এবং অসহায় মানুষের দুয়ারে দুয়ারে দেখা গেছে একজন রাজনৈতিক নেতাকে। কখনও খাদ্যসামগ্রী নিয়ে, কখনও ওষুধ নিয়ে, আবার কখনও অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে ছুটে বেড়িয়েছেন তিনি। সেই মানুষটির নাম সাইদুর রহমান বাচ্চু।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা সাইদুর রহমান বাচ্চু এখন পৌর রাজনীতির অন্যতম আলোচিত নাম। স্থানীয়দের বড় একটি অংশ মনে করেন, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে তিনি সিরাজগঞ্জ পৌরসভার মেয়র পদে একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হতে পারেন। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন মানবিক ব্যক্তি হিসেবেই বাচ্চুর পরিচিতি সবচেয়ে বেশি। বিশেষ করে করোনাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা তিনি পালন করেছেন, তা আজও মানুষের মনে রয়েছে।
শহরের এক ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, করোনার সময় মানুষ যখন ঘর থেকে বের হতে ভয় পেত, তখন বাচ্চু ভাইকে আমরা মানুষের পাশে দেখেছি। শুধু রাজনীতি নয়, তিনি বাস্তবেই মানুষের জন্য কাজ করেছেন। স্থানীয়দের মতে, সাইদুর রহমান বাচ্চুর জনপ্রিয়তার পেছনে শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক দায়িত্ববোধও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শহরের বিভিন্ন সামাজিক সমস্যা, ব্যবসায়ী সংকট, রাজনৈতিক অস্থিরতা কিংবা স্থানীয় বিরোধ মীমাংসায় তাকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। অনেক ক্ষেত্রে তিনি মধ্যস্থতা করে বিরোধপূর্ণ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানও করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় থেকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করায় বাচ্চুর প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতেও তার ভূমিকা উল্লেখযোগ্য। সিরাজগঞ্জ পৌর নাগরিকদের একটি বড় অংশ মনে করেন, বর্তমান সময়ে শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যানজট এবং নাগরিক সেবার মানোন্নয়ন। এসব সমস্যা সমাধানে প্রয়োজন অভিজ্ঞ, দূরদর্শী এবং মানুষের সঙ্গে সম্পৃক্ত নেতৃত্ব।
এ বিষয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি মানে মানুষের সেবা করা। একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার চেষ্টা করেছি। করোনার সময় হোক কিংবা অন্য কোনো দুর্যোগ-আমি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও দাঁড়াতে চাই। তিনি আরও বলেন, সিরাজগঞ্জ একটি সম্ভাবনাময় শহর। এই শহরের উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, যানজট নিরসন, পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি-এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সুযোগ পেলে আমি জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে চাই।
বাচ্চু বলেন, আমার রাজনীতির মূল শক্তি সাধারণ মানুষ। মানুষের ভালোবাসা ও আস্থাই আমাকে কাজ করার অনুপ্রেরণা দেয়। আমি বিশ্বাস করি, জনগণের সহযোগিতা থাকলে সিরাজগঞ্জ পৌরসভাকে দেশের অন্যতম মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব। এদিকে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, আসন্ন পৌর নির্বাচন ঘিরে সাধারণ মানুষের আলোচনায় বারবার উঠে আসছে সাইদুর রহমান বাচ্চুর নাম। অনেকেই মনে করছেন, টাকা ছিটিয়ে পৌরপিতা হওয়া যায় না। পৌর মেয়র হতে পৌর নাগরিকের সমস্যা সমাধান ও তাদের জীবনব্যবস্থার পরিবর্তনের মাধ্যমেই আস্থা অর্জন করতে হয়। সেক্ষেত্রে সাইদুর রহমান বাচ্চু দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের সমন্বয়ে তিনি পৌর নেতৃত্বে নতুন মাত্রা যোগ করতে পারেন। জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং একজন মানবিক সংগঠক ও জনবান্ধব নেতা হিসেবেই মানুষের কাছে নিজস্ব অবস্থান তৈরি করেছেন সাইদুর রহমান বাচ্চু। আর সেই কারণেই আগামীর সিরাজগঞ্জ পৌরসভার নেতৃত্বে তাকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ক্রমেই আরও দৃশ্যমান হয়ে উঠছে পৌর নাগরিকদের কাছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত