মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি লাল রঙের শাড়িও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সোমবার (২২ জুন) ভোরে উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কামারখন্দ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা মহাসড়কের পাশে এক নারীর মরদেহ দেখতে পান। এ সময় মরদেহের কাছেই বিয়েতে ব্যবহৃত লাল রঙের একটি শাড়ি পড়ে থাকতে দেখা যায় বলে দাবি করেন স্থানীয়রা। কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দৈনিক সবুজ বাংলাদেশ’কে জানান, অজ্ঞাত পরিচয়ের ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনার ফল—তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে এবং এ বিষয়ে পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত