ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ
বাংলাদেশের চা শিল্পাঞ্চলে কর্মরত কর্মচারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন"র কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটাধিক্যে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে জাকারিয়া-আমিন পরিষদ। দেশের চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এ চার জেলার ১২টি ভোটকেন্দ্রের শীট প্রাপ্তির পর সোমবার (২২ জুন) ভোরে নির্বাচনের বেসরকারি পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক মো. আব্দুল বশির। এ সময় উপস্থিত ছিলেন সাব কমিটির সদস্য সচিব মোঃ. ছালিক মিয়াসহ কমিটির অন্যান্য সদস্যরা। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. জাকারিয়া আহমদ (হিঙ্গাজিয়া চা বাগান, কুলাউড়া, মৌলভীবাজার) ১ হাজার ৪৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন (লংলা চা বাগান, কুলাউড়া, মৌলভীবাজার) পেয়েছেন ৫০৭ ভোট। সহ-সভাপতির দুটি পদে শেখ কাওছার মিয়া (মাজদিহি চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) ১ হাজার ২৪৫ ভোট পেয়ে এবং কংকন জ্যোতি ভট্টাচার্য (ইটা চা বাগান, রাজনগর, মৌলভীবাজার) সমান সংখ্যক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অঞ্জন গোস্বামী (ইটা চা বাগান, রাজনগর, মৌলভীবাজার) পেয়েছেন ৫৩৯ ভোট এবং শফিউল আলম শাহীন (চান্দপুর চা বাগান, চুনারুঘাট, হবিগঞ্জ) পেয়েছেন ৫১৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. আমিনুর রহমান (লংলা চা বাগান, কুলাউড়া, মৌলভীবাজার) ১ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় কান্তি ভট্টাচার্য (মাজদিহি চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) পেয়েছেন ৫৮৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর চৌধুরী (লাক্কাতুরা চা বাগান, সিলেট) ১ হাজার ২৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুর রহমান (চান্দপুর চা বাগান, চুনারুঘাট, হবিগঞ্জ) পেয়েছেন ৪৪৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. খায়রুল ইসলাম (মির্জাপুর চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) ১ হাজার ২৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ প্রসাদ যাদব (হাজীনগর চা বাগান, কুলাউড়া, মৌলভীবাজার) পেয়েছেন ৭১৩ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. সুরঞ্জিত দাশ (সাতগাঁও চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) ১ হাজার ৩৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুস সালাম (দারাগাঁও চা বাগান, বাহুবল, হবিগঞ্জ) পেয়েছেন ৫১৬ ভোট।
প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক পদে মো. ইব্রাহিম মিয়া (চন্ডিছড়া চা বাগান, চুনারুঘাট, হবিগঞ্জ) ১ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিক উল্লাহ (দিলদারপুর চা বাগান, কুলাউড়া, মৌলভীবাজার) পেয়েছেন ৫৩৪ ভোট। শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. বদরুল আলম (রামপুর চা বাগান, বাহুবল, হবিগঞ্জ) ১ হাজার ২৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকাশ দেবনাথ (দারাগাঁও চা বাগান, বাহুবল, হবিগঞ্জ) পেয়েছেন ৬০৮ ভোট। এর আগে রবিবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ এ ৪টি জেলার চট্টগ্রাম, নর্থ সিলেট, জুড়ী, লংলা, মনু, দলই, বালিশিরা পূর্বাঞ্চল, বালিশিরা উত্তরাঞ্চল, বালিশিরা পশ্চিমাঞ্চল, লস্করপুর পূর্বাঞ্চল, লস্করপুর উত্তরাঞ্চল ও লস্করপুর পশ্চিমাঞ্চলের ১২টি কেন্দ্রে ২ হাজার ১৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত