আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল। সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার বেলাল হোসেন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলাল দীর্ঘদিন ধরে নিজেকে র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করে আসছিলেন। সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি এক ব্যক্তির কাছ থেকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা এবং এক নারীর কাছ থেকে ২ লাখ টাকা গ্রহণ করেন বেলাল। নির্ধারিত সময়ে চাকরি না হওয়ায় ভুক্তভোগীরা সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র্যাবের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অবস্থানকালে তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে প্রতারণার আরও কয়েকটি অভিযোগের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী তার প্রতারণার নেটওয়ার্ক এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম সম্পন্ন করে বেলাল হোসেনকে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়দের অভিযোগ, চাকরি প্রত্যাশী বেকার যুবক-যুবতীদের টার্গেট করে একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানের মাধ্যমে এমন প্রতারণার বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন তারা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, পরিচয় গোপন করে সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত