আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুর পাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করে চালক মহিউদ্দিন (৪০)কে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাসেম বেপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কবিরহাট থেকে বালুবোঝাই একটি পিকআপ ভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বারীপুকুর পাড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে ঢুকে যায় এবং দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করলেও আঘাতের তীব্রতায় তারা ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে দুর্ঘটনাস্থলের পরিবেশ। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল ও অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি জব্দ এবং চালক মহিউদ্দিনকে আটক করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত