মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ভদ্র শিমুল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কাটাঙ্গা গ্রামের আব্দুল হালিমের ছেলে আরিফুর ইসলাম (১১)।
স্থানীয় সূত্র জানায়, একটি স্থানীয় মাদরাসার তিন শিক্ষার্থী যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে জুনায়েদ ও আরিফুর ভেসে গিয়ে পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর এক শিক্ষার্থী কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় এবং বিষয়টি স্থানীয়দের জানায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে তল্লাশি শুরু করেন। পরে দুপুর ১২টার দিকে নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা ছাত্র পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিক্ষার্থীর স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নদীতে গোসল ও চলাচলের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত