ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই যুবক নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টা ৮ মিনিটের দিকে ১৪ তলা ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ভবনটি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, আগুন লাগার পর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ভেতরে আর কাউকে আটকে থাকতে দেখা যায়নি। নতুন করে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত