মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সিরাজগঞ্জে চারদিনব্যাপী মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ। কুইজ, বিতর্ক, আবৃত্তি, প্রদর্শনী এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম মাদকের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের বার্তা তুলে ধরে। একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
চারদিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা, সচেতনতামূলক আলোচনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা কার্যক্রম পরিচালিত হয়। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম (শাহীন)। তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মাদকের ক্ষতিকর প্রভাব থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, মাদকাসক্তি একটি জটিল রোগ, যা একজন মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে দেয়। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সচেতনতা বৃদ্ধি করাই মাদক প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক গ্রহণকারী বন্ধুদের এড়িয়ে চলতে হবে। খেলাধুলা, বই পড়া, সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখলে মাদকের মতো ধ্বংসাত্মক অভ্যাস থেকে দূরে থাকা সম্ভব।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের হাতে দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই মাদকমুক্ত, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই আমাদের প্রধান দায়িত্ব। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, শিক্ষা, কর্মজীবন ও সামাজিক অবস্থানের ওপরও। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ, আবৃত্তি, বিতর্ক ও প্রদর্শনী। এসব আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীরা মাদকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে নিজেদের উপলব্ধি তুলে ধরে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষক, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে। সচেতনতা, অংশগ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতার এই সম্মিলিত আয়োজন নতুন প্রজন্মের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের বিশ্বাস, মাদকের বিরুদ্ধে এমন ধারাবাহিক উদ্যোগ তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত