পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি এবং নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে পরিচালিত এসব অভিযানে চারজনকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৭ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১৫ পিস ইয়াবাসহ একই এলাকার মৃত টুমু ফকিরের ছেলে মো. হোসেন আলী (৪৮)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
অন্যদিকে, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন যুবককে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটক ব্যক্তিরা হলেন- বক্তারপুর ইউনিয়নের মাঝুখান এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. রাবিব (২৬), একই এলাকার মো. পনির রাজের ছেলে মো. শরীফ রাজ, এবং কালীগঞ্জ পৌরসভার মুনসুরপুর এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. শিপন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা এবং জনশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নেশাগ্রস্ত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি কিংবা শান্তি বিনষ্টের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একটি নিরাপদ ও মাদকমুক্ত কালীগঞ্জ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “কালীগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইয়াবাসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তদের আইনানুগভাবে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।” শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতার চারজনকেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত