ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ট্যুরিস্ট ভিলেজখ্যাত রাধানগরে অবস্থিত শান্তিবাড়ি ইকো রিসোর্টের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী 'জুন ফর গ্রিন' কর্মসূচীর দুইদিন ব্যাপী সমাপনী অনুষ্ঠান শনিবার (২৭ জুন) দুপুরে সম্পন্ন হয়েছে। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৃক্ষবন্ধু মো. আজহারুল ইসলাম খানের সাথে উদ্ভিদ অন্বেষণের মাধ্যমে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এর আগে শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের চারা রোপণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা ৬টায় শান্তিবাড়ি ইকো রিসোর্টে স্থাপিত 'পরিবেশের প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক সিগনেচার বোর্ডে স্বাক্ষর করেন অতিথিবৃন্দ। এরপর 'পরিবেশ-প্রকৃতি, শ্রীমঙ্গলের পর্যটন-অতীত, বর্তমান ও ভবিষ্যৎ" শীর্ষক গোল টেবিল আড্ডা অনুষ্ঠিত হয়। এতে মডারেটর ছিলেন দেশের প্রখ্যাত লেখক ও গবেষক মারুফ রাসেল। আলোচনায় অংশ নেন এন্টার্কটিকা ভ্রমণকারী বাংলাদেশী নারী অভিযাত্রী মহুয়া রউফ, বৃক্ষবন্ধু খ্যাত আজহারুল ইসলাম খান, দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক সজীব মিয়া, ক্যানভাস ম্যাগাজিনের সহ-সম্পাদক দিলজান নাহার চাঁদনী ও আবৃত্তি আহমেদ, খাগড়াছড়ি বনায়নের উদ্যোক্তা মাহফুজ রাসেল, জাপানি মিয়াওয়াকি বনের আদলে নতুন ধরণের বনায়নের উদ্যোক্তা আরহাম উল হক চৌধুরী, সিনিয়র আইনজীবী মো. মাইনুদ্দীন মিয়া, বিডিনিউজ ২৪ ডটকমের সাংবাদিক হাসান বিপুল, পর্বতারোহী হোমায়েদ ইসহাক মুন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকেল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মশহুরুল আমিন, সদস্য ইয়াসিন মুকুল, স্থপতি তাইয়্যেবা নাফরিন পৌষী ও জান্নাতুন নাঈম, ভ্রমণকন্যা নুসরাত জাহান রিজভী, আইনজীবী ইশরাত জাহান অমি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ইসমাইল মাহমুদ, শান্তিবাড়ি ইকো রিসোর্টের সত্ত্বাধিকারী তানভিরুল আফরিন লিংকন, পর্যটনকর্মী সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু, মাহবুব হোসেন সুমন, তকদীর আবিদ পনি, মো. খালেদ হোসেন, বন্যপ্রাণীকর্মী সোহেল শ্যাম, বন্যপ্রাণী আলোকচিত্রী খোকন সিংহ, সানজিদা জুই এবং নাফিসুল ইসলাম।
সন্ধ্যা সাড়ে ৬টায় অতিথিদের সম্মানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের নিজস্ব রীতির রান্না প্রদর্শণ ও পরিবেশন। ৭টায় অনুষ্ঠিত হয় চিত্র বা অভিনয়ের মাধ্যমে কোনো তথ্য বা বার্তা আকর্ষণীয় গল্পের আকারে শ্রোতা বা পাঠকের কাছে তুলে ধরার অনুষ্ঠান "স্টোরিটেলিং"। এতে মডারেটর ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক সজীব মিয়া। অনুষ্ঠানে মশরুল আমিন টেলিস্কোপের সাহায্যে অতিথি ও দর্শক-স্রোতাদের আকাশের চাঁদ-তারা পর্যবেক্ষণ করান। শেষ পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। শান্তবাড়ি ইকো রিসোর্টের সত্ত্বাধিকারী তানভীরুল আরেফিন লিংকন বলেন, “প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় শান্তিবাড়ি ইকো রিসোর্ট প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৪ সাল থেকে বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। এছাড়া এ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শান্তবাড়ি ইকো রিসোর্টের আয়ের একটা অংশ গত দেড় দশক ধরে ব্যয় করে চলেছি। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রিসোর্টে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে। চলতি বছরের পরিবেশ দিবস উপলক্ষে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রিসোর্টে ‘পরিবেশের প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক একটি সিগনেচার বোর্ড স্থাপন করা হয়েছে। দর্শনার্থীরা সেখানে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে স্বাক্ষর করছেন।
বায়ুদূষণ, পানিদূষণ, প্লাস্টিক ও মেডিকেল বর্জ্য, বন উজাড়, পাহাড় কাটা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের পরিবেশ ক্রমাগত হুমকির মুখে পড়ছে। পরিবেশ সংরক্ষণ এখন শুধু প্রকৃতি রক্ষার বিষয় নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও টেকসই উন্নয়নের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। তাই দূষণ কমাই, গাছ লাগাই, বন রক্ষা করি, পাহাড় ধ্বংস বন্ধ করি এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলি-এই অঙ্গীকার বাস্তবায়নে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত