গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাটে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের মারাত্মক অভিযোগ উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্রের এই বেপরোয়া চাঁদাবাজিতে চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ পরিবহন শ্রমিকেরা।ভুক্তভোগী একাধিক চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিদিন গোসাইরহাটের বিভিন্ন স্ট্যান্ড ও সড়কে প্রতিটি গাড়ি থেকে নিয়মবহির্ভূতভাবে ৩০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। কোনো চালক এই টাকা দিতে অস্বীকৃতি জানালে বা আপত্তি করলে তাকে গাড়ি চালাতে দেওয়া হয় না। এমনকি চাঁদা না দিলে চালকদের মাঝরাস্তায় আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। নাম প্রকাশ করলে পরবর্তীতে সড়কে গাড়ি চালানো বন্ধসহ শারীরিক নির্যাতনের শিকার হতে পারেন—এমন চরম নিরাপত্তাহীনতা ও ভয়ে দিন কাটাচ্ছেন চালকেরা।এ বিষয়ে শরীয়তপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফজলু রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "নিয়মবহির্ভূতভাবে বা রসিদ ছাড়া কোনো পরিবহন থেকে টাকা আদায় করার কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণ অবৈধ ও আইনসম্মত নয়।" এই ধরনের অপরাধের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের শক্ত অবস্থান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বোরহান উদ্দিন জানান, "এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ মিললে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"ভুক্তভোগী সাধারণ চালক ও স্থানীয় সচেতন মহলের দাবি, চালকদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন যেন দ্রুত স্বপ্রণোদিত হয়ে এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত