মোঃ হাচান আল মামুন (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একটি মাছ ধরার জালে ধরা পড়েছে প্রায় ৮ ফুট লম্বা বার্মিজ প্রজাতির একটি অজগর। স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতা এবং পরিবেশকর্মীদের উদ্যোগে উদ্ধার হওয়া সাপটি পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার একটি জমির পানি নিষ্কাশনের নালায় স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের মাছ ধরার জালে অজগরটি আটকা পড়ে। বিশাল আকৃতির সাপটি দেখতে স্থানীয়দের ভিড় জমে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স-এর সংগঠক হৃদয় বড়ুয়া স্থানীয়দের সহযোগিতায় অজগরটি নিরাপদে উদ্ধার করেন। পরে সেটি মেরুং রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ জানান, উদ্ধার হওয়া বার্মিজ অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। বর্তমানে এটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অজগরটিকে তার প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, বার্মিজ অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর একটি গুরুত্বপূর্ণ প্রজাতি। বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে আতঙ্কিত হয়ে হত্যা বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। পরিবেশকর্মীদের মতে, সাম্প্রতিক সময়ে বনাঞ্চলসংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর বিচরণ বাড়ছে। তাই মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে সচেতনতা এবং দ্রুত উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত