মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ
বর্ষা মৌসুমে পাহাড়ধস ও সড়ক ক্ষতির আশঙ্কা কমাতে আগাম প্রস্তুতি হিসেবে রাঙ্গামাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সংস্কার ও সুরক্ষামূলক কাজ শুরু করেছে রাঙ্গামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বিশেষ করে শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সামনের গত বছরের ধসে ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুতগতিতে পুনর্নির্মাণ করা হচ্ছে।
প্রকৌশলগতভাবে সড়কটি টেকসই করতে পাইপ পাইলিং প্রযুক্তির পাশাপাশি বালি ও সিমেন্টে ভরা বস্তা দিয়ে প্রতিরক্ষা কাঠামো (প্রটেকশন ব্লক) নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এ কাজ সম্পন্ন হলে বর্ষাকালে সড়ক ধসের ঝুঁকি অনেকাংশে কমবে এবং যান চলাচল নিরাপদ থাকবে। প্রতি বছর বর্ষা এলে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় সড়ক ধস ও পাহাড়ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার ঘটনা ঘটে। তাই বর্ষা শুরুর আগেই সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নিয়মিত ওই সড়ক ব্যবহারকারী এক সিএনজিচালিত অটোরিকশাচালক বলেন, গত বছর সড়কটির একটি অংশ ধসে যাওয়ার পর প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে। এবার আগেভাগে সংস্কারকাজ শুরু হওয়ায় চালক ও যাত্রী-উভয়ের নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় রেখে ঝুঁকিপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও সুরক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। উন্নয়ন বোর্ডের সামনের ক্ষতিগ্রস্ত সড়কটির কাজ অগ্রাধিকার ভিত্তিতে চলছে। পাশাপাশি শহরের অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানেও নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সওজ বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং চলতি বর্ষায় যাতে কোনো বড় ধরনের সড়ক বিপর্যয় না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় সচেতন নাগরিকদের মতে, বর্ষার আগেই এমন পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন হলে শুধু যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে না, সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত