মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মাদক মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার জায়গীরপাড়া এলাকার ওসমান গনি ও মো. গোফরান, মুক্তারপুর গ্রামের মো. আলেফ, গৌরশহরপুর গ্রামের মো. মানিক, বিড়ালদহ গ্রামের মো. আনিছ এবং শেখের চর এলাকার মো. রাজিব। আদালতের এ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল জানান, রায় ঘোষণার সময় আসামি মো. রাজিব, মো. গোফরান ও মো. আলেফ আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক রয়েছেন। মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ জুলাই যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ মহাসড়কে টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজশাহী থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকায় নেওয়া হচ্ছে। পরে যমুনা সেতু গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে বিকেল পৌনে ৪টার দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় গাড়িতে থাকা ওসমান গনি, মো. গোফরান ও মো. রাজিবকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। তদন্ত শেষে ২০১২ সালের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার এ রায় ঘোষণা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত