আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলের ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে দেশ থেকে পালানোর সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি আরমান হোসাইন রাজু (৪২)। তিনি সেলিম মিয়া ও আলেয়া বেগমের ছেলে। তার বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর (গোষের বাড়ি) এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, আরমান হোসাইনের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী দিলারা দিপু (৩০) নারী ও শিশু নির্যাতন আইনে চাটখিল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। এছাড়াও একটি পারিবারিক মামলায় আদালত তাকে আরও ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভুক্তভোগী দিলারা দিপু গ্রেফতারের পর প্রতিক্রিয়ায় বলেন, “আমি মাস্টার্স পাস একজন নারী। তার সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনে সে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। সে আমার জীবন ও আমার সন্তানের জীবন ধ্বংস করেছে। ২০২১ সালে আমাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে আমি সন্তানকে মানুষ করার জন্য একাই সংগ্রাম করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমি চাই নোয়াখালীর মানুষ দেখুক-অপরাধ করলে শাস্তি পেতেই হয়। যৌতুক ও পরকীয়া আমাদের সমাজে মহামারির মতো ছড়িয়ে পড়েছে। এসব অপরাধের কঠোর শাস্তি হলে অন্যরা এমন কাজ করতে ভয় পাবে। চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি দেশ ত্যাগের চেষ্টা করছে। পরে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত