মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
১ কোটি ৫৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং আরও ২ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিরাজগঞ্জের বিশিষ্ট মাছ ব্যবসায়ী আব্দুস ছালামকে (৫৪) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে পাবনার সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আক্তারুজ্জামান এই আদেশ দেন। এর আগে মামলার পরোয়ানার প্রেক্ষিতে আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আব্দুস ছালাম সিরাজগঞ্জ পৌর শহরের বাহিরগোলা গুড়ের বাজার এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি মেসার্স আশা ফিশ অ্যান্ড কোল্ড স্টোর এবং আশা মৎস্য খামারের স্বত্বাধিকারী। দুদকের আইনজীবী মনোয় কুমার দাস গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ১৯শে মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোক্তার হোসেন বাদী হয়ে মাছ ব্যবসায়ী আব্দুস ছালাম ও তার স্ত্রী আফরোজা পারভীনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেন। এ মামলার একটিতে আব্দুস ছালামকে প্রধান এবং অন্যটিতে দ্বিতীয় আসামি করা হয়।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ৬ই আগস্ট দুদকের উপসহকারী পরিচালক মমিন উদ্দিন আদালতে আব্দুস ছালাম ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার আব্দুস ছালাম আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত