মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটিতে পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলেকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা-মাকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাকিবুল ইসলাম (২৫) অটোরিকশাচালক রফিকুল ইসলাম ও গৃহবধূ রাখাই ইসলামের বড় ছেলে।
পরিবার ও স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন সাকিবুল। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে একাধিকবার চিকিৎসা করানো হয় এবং পুনর্বাসন কেন্দ্রেও পাঠানো হয়। কয়েক মাস আগে তাকে রিহ্যাবে পাঠাতে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করেন তার বাবা। তবে চিকিৎসা শেষে বাড়ি ফিরেও তিনি আবার মাদকাসক্ত হয়ে পড়েন বলে পরিবারের অভিযোগ।
স্থানীয়দের ভাষ্য, মাদকাসক্তির কারণে প্রায়ই পরিবারের সঙ্গে সাকিবুলের ঝগড়া-বিবাদ হতো। পুলিশের দাবি, মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও তিনি জড়িত ছিলেন এবং এর আগে গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন। শনিবার দুপুরে বাবা-মায়ের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তখন তার মা ধারালো দা দিয়ে সাকিবুলের ঘাড়ে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার শরীরের বিভিন্ন অঙ্গে রক্তসঞ্চালন কমে যায়, যা মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের বাবা-মাকে আটক করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত আছে। দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মাদকাসক্তিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই ঘটনায় রাঙামাটি শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত