মোঃ মাসুম বিল্লাহ খুলনা প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা (চান্দারডাঙ্গা) এলাকায় গভীর রাতে ঘুমন্ত এক যুবককে হাত-পা ও মুখ বেঁধে বস্তাবন্দি করে রেখে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ভুক্তভোগীর পরিবার সুবিচারের আশায় বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গাওঘরা গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী শাহজাহান শেখের পরিবারে এ দুঃসাহসিক ঘটনা ঘটে। শাহজাহান শেখ অভিযোগে উল্লেখ করেন, প্রায় ৮-১০ দিন আগে তার বাড়ি থেকে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের একটি বৈদ্যুতিক যন্ত্র (স্থানীয় ভাষায় 'ভাইরাস' নামে পরিচিত) চুরি হয়ে যায়। এরপর তিনি চুরিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় জানিয়েছিলেন-ভবিষ্যতে চুরি ঠেকাতে ওই যন্ত্রে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হবে।
পরবর্তীতে রোববার ভোররাত আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে তার ছোট ছেলে ইমরান শেখের (১৮) গোঙানির শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘরের বাইরে বের হয়ে তারা দেখতে পান, বাড়ির উঠানে ইমরানকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতরে ফেলে রাখা হয়েছে। পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ভুক্তভোগী ইমরান শেখ জানান, রাতের অন্ধকারে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তাকে ঘুমন্ত অবস্থায় কৌশলে হাত-পা বেঁধে বস্তাবন্দি করে ফেলে। তার মুখ সাদা রঙের ওড়না এবং হাত-পা কাপড়ের রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল, যার ফলে তিনি চিৎকার করারও কোনো সুযোগ পাননি। পরিবারের ধারণা, স্বজনদের ঘুম ভেঙে যাওয়ার বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা যুবকটিকে উঠানে ফেলে রেখেই পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী পরিবার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, দুর্বৃত্তদের এহেন কর্মকাণ্ডে যেকোনো সময় তাদের পরিবারের সদস্যদের প্রাণনাশ বা গুরুতর ক্ষতি হতে পারে। শাহজাহান শেখ দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বটিয়াঘাটা থানা পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত