ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ
রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ এ সাফল্য অর্জন করেছে মৌলভীবাজারের জুসা মার্শাল আর্টের দুই শিক্ষার্থী। তারা হলো আয়াত রহমান ও আইরাহ রহমান। ২৪ থেকে ২৬ জুলাই অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আইরাহ রহমান কারাতে কাতা বিভাগে স্বর্ণপদক এবং কিক বক্সিং বিভাগে ব্রোঞ্জপদক অর্জন করে। আর আয়াত রহমান কারাতে কাতা বিভাগে রৌপ্যপদক এবং কিক বক্সিং বিভাগে ব্রোঞ্জপদক অর্জন করে।
এবারের প্রতিযোগিতায় মৌলভীবাজারের জুসা মার্শাল আর্ট'র শিক্ষার্থীরা ১৭টি ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে প্রতিষ্ঠানটি দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক অর্জন করে। জুসা মার্শাল আর্টের শিক্ষার্থীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত তাদের অভিভাবক ও প্রশিক্ষকেরা। আয়াত ও আইরাহর বাবা মো. ওবায়দুর রহমান ইস্পাহানি কোম্পানির জেরিন চা বাগানের সহকারী ব্যবস্থাপক এবং মা কানিজ ফাতেমা তুজ জোহরা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা।
সন্তানদের সাফল্যে গর্বিত আয়াত ও আইরাহর বাবা মো. ওবায়দুর রহমান বলেন, তাদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই তারা মার্শাল আর্টের প্রতি আগ্রহী ছিল। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও প্রশিক্ষকদের সহযোগিতার কারণেই তারা এই সাফল্য পেয়েছে। আমরা চাই, তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আরও ভালো কিছু অর্জন করুক।
তাদের মা কানিজ ফাতেমা তুজ জোহরা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়। এ ধরনের অর্জন তাদের এগিয়ে যেতে উৎসাহিত করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত