মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ জুলাই থেকে বাড়িয়ে আগামী ১০ আগস্ট দিবাগত মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। ফলে মাছের প্রজনন মৌসুমে প্রচলিত তিন মাসের নিষেধাজ্ঞার সঙ্গে অতিরিক্ত ১৬ দিন যুক্ত হলো। এ সময় পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘কাপ্তাই লেকের মৎস্য আহরণ ও বাজারজাতকরণের অনুমতি প্রদান সংক্রান্ত সভা’-এ এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর ব্যবস্থাপক (কমান্ডার) মো. ফয়েজ আল করিম (এনডি, বিএন), জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্যজীবী সমিতির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে পানিস্বল্পতা ও কার্পজাতীয় মাছের প্রজনন মৌসুম বিবেচনায় নিয়ে গত ২৪ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল কার্পজাতীয় মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করা, হ্রদে অবমুক্ত পোনা মাছের বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং হ্রদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখা। প্রতি বছর সাধারণত ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ রাখা হয়। এ সময়ে মৎস্য আহরণের ওপর নির্ভরশীল প্রায় ২৬ হাজার জেলে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা পেয়ে থাকেন।
সভা শেষে বিএফডিসির ব্যবস্থাপক (কমান্ডার) মো. ফয়েজ আল করিম জানান, ১০ আগস্ট দিবাগত রাত থেকে কাপ্তাই হ্রদ মাছ আহরণের জন্য উন্মুক্ত করা হবে এবং ১১ আগস্ট সকাল থেকে আনুষ্ঠানিকভাবে মাছ অবতরণ (ল্যান্ডিং) কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, লেক চালুর প্রস্তুতির অংশ হিসেবে ইকোবোট ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষার কাজ ইতোমধ্যে চলমান রয়েছে, যাতে নির্ধারিত সময়েই কার্যক্রম নির্বিঘ্নে শুরু করা যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত