মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে সিরাজগঞ্জে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবারের সদস্যরা। অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার (২৯ জুলাই) জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় জিসানের মা শাপলা আহমেদের নেতৃত্বে এই অনশন কর্মসূচি শুরু হয়। এর আগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় একই স্থানে কর্মসূচির প্রথম দিন পালন করেন তারা। পরিবারের সদস্যদের অভিযোগ, জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি, তার বাবা সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি এবং পুরো পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে তারা রাজপথে অনশনে বসেছেন।
গত সোমবার (২৭ জুলাই) সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ জানান, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের একটি ফেসবুক পোস্ট এবং তার ছেলের পাল্টা বক্তব্য কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এরপর থেকে ছানোয়ার হোসেন সানু ফোনে জিসান ও তার পরিবারকে ক্রমাগত হুমকি দিয়ে আসছেন। এসব ঘটনার একটি কল রেকর্ড ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শাপলা আহমেদ বলেন, আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা অবিলম্বে ছানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহমেদ শামীমকে গ্রেপ্তার এবং দল থেকে সানুকে বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে। উল্লেখ্য, এর আগে গত ১৪ জুন পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সিরাজগঞ্জ সদর থানা ও জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ জমা দেন সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছে পরিবারটি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত