জাহিদ হোসেনঃ
রাজধানীর কেরাণীগঞ্জে গোপনে ইয়াবা উৎপাদন ও সরবরাহের অভিযোগে একটি আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র্যাব-১০। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১০টা ১০ মিনিটে কেরাণীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাড়িতে ইয়াবা তৈরির কার্যক্রমের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা।
এ ছাড়া অভিযানে ইয়াবা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের রাসায়নিক কাঁচামাল, উৎপাদন সরঞ্জাম, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
আটকরা হলেন আলমগীর ওরফে আন্ডে (৪০), আলী আরমান (৩৬), শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)। র্যাব জানায়, আলমগীরের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদক-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবার কাঁচামাল সংগ্রহ করে নিজেরাই মাদক উৎপাদন করতেন এবং পরে তা ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তিদের কেরাণীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১০ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি-সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত