শেখ তাইজুল ইসলাম প্রতিনিধিঃ
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে অভিযান চালিয়ে একটি অবৈধ শুটকি তৈরির টোং ঘর উচ্ছেদ করেছে বন বিভাগ আজ রবিবার (২ আগস্ট) সকালে রেঞ্জের হাড়বাড়িয়া বনাঞ্চল সংলগ্ন খাল এলাকা থেকে এই অস্থায়ী আস্তানাটি জব্দ ও ধংস করা হয় তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জঙ্গল দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সকালে চাঁদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বিপন চন্দ্র দাসের নির্দেশে বনরক্ষীদের একটি বিশেষ টহল দল সুন্দরবনের অভ্যন্তরীণ নদী ও খালে নিয়মিত টহলে বের হয়। টহল দলটি রেঞ্জের হাড়বাড়িয়া অফিস সংলগ্ন বড় পাঙ্গাসিয়া খালের পাশের ছোট শিসা খালের মাথায় পৌঁছালে বনের গহীনে একটি সন্দেহভাজন অস্থায়ী টোং ঘর দেখতে পায়। পরে বনরক্ষীরা সেখানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা শুটকি তৈরির টোং ঘরটি শনাক্ত করে এবং তা সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়।
বন কর্মকর্তাদের মতে, সুন্দরবনের ভেতরে অবৈধভাবে অবস্থান নেওয়া, বিষ দিয়ে মাছ শিকার কিংবা হরিণ শিকারের উদ্দেশ্যে অপরাধী চক্রগুলো প্রায়ই বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এ ধরনের অস্থায়ী টোং ঘর বা আস্তানা তৈরি করে থাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপাই রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ জানান, বনরক্ষীদের টহল দলের উপস্থিতি টের পেয়ে আগেই অপরাধীরা গহীন বনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সুন্দরবনের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা এবং সব ধরনের বনজ অপরাধ দমনে বন বিভাগের এই কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত