স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ শাহজাদপুরে পেশাগত দায়িত্ব পালনকালে জাতীয় দৈনিক ‘সবুজ বাংলাদেশ’ পত্রিকার স্টাফ রিপোর্টারের মোবাইল ফোন ছিনতাই ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৫ আগস্ট ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪.৩০ ঘটিকায় শাহজাদপুর থানাধীন পাড়কোলা উত্তরপাড়া সাকিনস্থ পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্ব পাশের বালু মহালে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যান পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইসরাফিল শেখ।
এ সময় পাড়কোলা দক্ষিণপাড়ার মোঃ বেল্লাল হোসেন (৪২), পিতা-মৃত হাজী রুস্তম আলী ও রামবাড়ীর মোঃ রতন (৩২), পিতা-মোঃ সাচ্চু এর নেতৃত্বে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ চক্র সংবাদ সংগ্রহে বাঁধা প্রদান করে। এ বিষয়ে প্রতিবাদ করলে ১নং বিবাদী বেল্লাল হোসেনের প্রত্যক্ষ নির্দেশে ২নং বিবাদী রতন সহ অন্যান্যরা প্রতিবেদকের ব্যবহৃত ইনফিনিক্স ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। যার আনুমানিক বাজার মূল্য ২২,৫০০ টাকা।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীগণ অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারপিটের জন্য উদ্যত হয়। এ সময় বিবাদীগণ বাদী ও তার পরিবারের সদস্য দের প্রাণনাশ, বাড়ি ঘর ভাঙচুর ও রাস্তাঘাটে বড় ধরনের ক্ষতি সাধনের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।
এহেন ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভুক্তভোগী সাংবাদিক মোঃ ইসরাফিল শেখ বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত