মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় তিন যুগ ধরে পাকা সড়কের অপেক্ষায় দিন কাটাচ্ছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২ নং ধানশাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর দাড়িয়ারপাড় গ্রামের হাজারো মানুষ। সময়ের সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও এই এলাকার গুরুত্বপূর্ণ প্রধান সড়কটি এখনো কাঁচা রয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে কাদা-পানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২ নং ধানশাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করিম মাস্টারের বাড়ি থেকে উত্তর দাড়িয়ারপাড় নয়াপাড়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় রয়েছে। প্রায় তিন দশক ধরে সড়কটি পাকা করার কথা শুনে আসলেও এখন পর্যন্ত বাস্তব কোনো অগ্রগতি না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান খান বলেন, আমার বয়স যখন ৫-৬ বছর, তখন থেকেই শুনে আসছি রাস্তাটি পাকা হবে। দেখতে দেখতে প্রায় ৩০ বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো সেই অপেক্ষার অবসান হয়নি।
তিনি আরও বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদায় পরিণত হয়। এতে রোগী, বয়স্ক ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীদের জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদেরও প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। বর্ষাকালে ভ্যান, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলেও নানা সমস্যা দেখা দেয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির যথাযথ সংস্কার ও উন্নয়ন না হওয়ায় এটি বর্তমানে অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ মানুষের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয়রা জানান, এই সড়কটি শুধু একটি রাস্তা নয়; উত্তর দাড়িয়ারপাড় ও আশপাশের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত থাকায় এলাকার সামগ্রিক উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর প্রশ্ন, দেশের বিভিন্ন অঞ্চলে যখন নতুন সড়ক নির্মাণ ও পুরোনো সড়ক সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে, তখন উত্তর দাড়িয়ারপাড়ের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকার প্রধান সড়কটি কেন প্রায় তিন যুগেও পাকা করা হয়নি?
তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি করিম মাস্টারের বাড়ি থেকে উত্তর দাড়িয়ারপাড় নয়াপাড়া পর্যন্ত সড়কটি টেকসইভাবে পাকা করার উদ্যোগ নেবে।
দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে এলাকাবাসী শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এবং ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন-এর সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে প্রায় তিন যুগের অপেক্ষার অবসান ঘটবে এবং উত্তর দাড়িয়ারপাড়ের হাজারো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত