মোঃ শাহ আলমঃ
লালবাগের নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কার ও পুনঃস্থাপনের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, সুস্থ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করে তোলার কোনো বিকল্প নেই। খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নবাবগঞ্জ খেলার মাঠ পুনঃস্থাপন, পার্কের আধুনিকায়ন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি আধুনিক, নিরাপদ ও পরিচ্ছন্ন খেলার মাঠ শুধু বিনোদনের স্থান নয়; এটি শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, সামাজিক সম্প্রীতি এবং মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২৩ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর।
বক্তারা বলেন, খেলার মাঠ ও উন্মুক্ত পার্ক রক্ষা করা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ সামাজিক দাবি। এসব স্থান শিশু-কিশোর ও তরুণদের সুস্থ বিনোদন, ক্রীড়াচর্চা এবং সামাজিক বন্ধন গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে। একই সঙ্গে মাদকাসক্তি, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, জনসম্পৃক্ত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নবাবগঞ্জ এলাকাকে আরও বাসযোগ্য ও আধুনিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তারা নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ দ্রুত সংস্কার ও পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, মাঠটি পুনরায় চালু হলে শিশু-কিশোর ও তরুণদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও প্রাণবন্ত খেলাধুলার পরিবেশ নিশ্চিত হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত