মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার ৭০০ রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ২০০ রোগীর মধ্যে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) লংগদু বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।
ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে দুর্গম এলাকার সাধারণ মানুষের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ সময় ছানিপড়াসহ বিভিন্ন জটিল চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের শনাক্ত করা হয়।
আয়োজকেরা জানান, উন্নত চিকিৎসা ও চোখের অস্ত্রোপচারের জন্য ১৭৫ জন রোগীকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। রেফার করা রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচার-সংক্রান্ত যাবতীয় ব্যয় লংগদু জোন বহন করবে।
চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতা করে রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, রোটারাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ সাউথ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে। স্থানীয় মানুষের সঙ্গে আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যক্তিরা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন। দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত