মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
দীর্ঘ ২০ বছরের অবহেলা ও বৈষম্য কাটিয়ে বগুড়াসহ দেশের উত্তরাঞ্চলের ন্যায্য উন্নয়ন নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সরকারের তিন প্রভাবশালী মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বগুড়ার শিল্পের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক গঠন, বহুমাত্রিক বিশ্ববিদ্যালয়, বহুপ্রতিক্ষিত বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ ও বিমানবন্দর চালু এবং ক্রীড়াগ্রাম নির্মাণসহ গুচ্ছ উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
শনিবার (৮ আগস্ট) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে এসব মেগা পরিকল্পনার কথা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, আমাদের জরিপে বগুড়ার শিল্পের ব্যাপক চাহিদার কথা উঠে এসেছে, তবে সে অনুপাতে উন্নয়ন হয়নি। এই ঘাটতি পূরণে ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক তৈরি করা হবে।
অনুষ্ঠানের উদ্বোধক সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, গত ২০ বছর বগুড়া চরম বঞ্চনার শিকার হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অথচ এ অঞ্চলের পরিশ্রমী মানুষ দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলেছে। জাতীয় অগ্রগতির স্বার্থেই বগুড়ার এই পাওনা উন্নয়ন ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সময়সীমা তুলে ধরেন। তিনি জানান, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যেই বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং ২০২৭ সালের জানুয়ারির মধ্যে বিমানবন্দরটি অভ্যন্তরীণ রুটে চালু করার চেষ্টা চলছে। এছাড়া শহরের যানজট নিরসনে রেললাইনের ওপর ওভারপাস নির্মাণ, করতোয়া নদীর পুনর্জীবন, তিনমাথায় আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামসহ ‘ক্রীড়াগ্রাম’ নির্মাণ এবং আগামী মাস থেকে ড্রোন তৈরির কারখানার কাজ শুরু করার কথা ঘোষণা করেন তিনি।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অভিষেকে স্থানীয় বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসকসহ ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকারের নীতি নির্ধারকদের এসব আশ্বাস ও মহাপরিকল্পনায় বগুড়ার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত