প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ৬:১৬ পি.এম
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আগামীকাল দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি’র অঙ্গ সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল’ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগরে এই কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৫ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে এই কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সকল জেলা, মহানগর এবং তাদের অধীনস্থ সকল ইউনিটে স্থানীয় বিএনপি’র সাথে সমন্বয় করে এই মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এক যৌথ বিবৃতিতে সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে স্ব-স্ব ইউনিটের দোয়া মাহফিলে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত