শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ যেসব আদালতে বিচারকের পদ শূন্য রয়েছে, সেসব আদালতে দ্রুত বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা আইনজীবী সমিতি ভবনের সামনে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরার উদ্যোগে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের জয়েন্ট কনভেনার মাধব দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নেটওয়ার্কের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোস্তফা আসাদুজ্জামান দিলু, সাতক্ষীরা জজ কোর্টের অ্যাডভোকেট সৌরভ হোসেন এবং নেটওয়ার্কের সদস্য সাবিনা ইয়াসমিন লিমাসহ অন্যরা।
বক্তারা বলেন, আদালতে বিচারক না থাকায় বিচারপ্রার্থী মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিচারিক কার্যক্রম ব্যাহত হওয়ায় মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। এতে একদিকে বিচারপ্রার্থীদের সময় ও অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে ন্যায়বিচার পাওয়ার পথও কঠিন হয়ে পড়ছে।
তাঁরা বলেন, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতে বিচারকের শূন্য পদগুলো দ্রুত পূরণ করা প্রয়োজন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক না থাকায় বিচারপ্রার্থীদের ভোগান্তি আরও বেড়েছে। এ কারণে ওই ট্রাইব্যুনালসহ জেলার যেসব আদালতে বিচারকের পদ শূন্য রয়েছে, সেসব পদে দ্রুত বিচারক নিয়োগ দিয়ে বিচারিক কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে দ্রুত মামলা নিষ্পত্তির পাশাপাশি বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্যসচিব অ্যাডভোকেট মনিরুদ্দিন।
মানববন্ধনে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত