আলাউদ্দিন কবির, রংপুর প্রতিনিধিঃ
সাংবাদিকদের ন্যায্য বেতন, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় রংপুর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে'র (BFUJ) আহ্বানে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এই কর্মসূচির আয়োজন করে।
রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক।
গত ২১০ দিন ধরে সারাদেশের সাংবাদিকরা আন্দোলন চালিয়ে এলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো অগ্রগতি না হওয়ায় বক্তারা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তারা বলেন, দেশে পণ্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, সেই তুলনায় সংবাদকর্মীদের বেতন ও সুযোগ-সুবিধা একেবারেই নগণ্য।
গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে পেশাদার সাংবাদিকতা অপরিহার্য। কিন্তু সাংবাদিকদের কর্মপরিবেশ নিরাপদ না হলে, ন্যায্য বেতন না থাকলে এবং স্বাধীনভাবে কাজের সুযোগ না থাকলে গণমাধ্যম তার মৌলিক ভূমিকা পালন করতে পারবে না।
সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষার এই আন্দোলন একইসাথে নাগরিকের তথ্য জানার অধিকার সুরক্ষারও আন্দোলন। সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিতকরণ দেশের গণতান্ত্রিক ভবিষ্যত ও জবাবদিহিমূলক সমাজ গঠনের সঙ্গে গভীরভাবে জড়িত।
সাংবাদিক নেতারা মোট ২১ দফা দাবি তুলে ধরেন। সাংবাদিকদের ন্যূনতম মূল বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করা। সাগর-রুনি হত্যাকাণ্ড সহ অতীতে সাংবাদিক হত্যা ও নিপীড়নের ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করা। নবম ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়ন এবং দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন করা।
চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং বিভিন্ন গণমাধ্যমে মনগড়া কেস দিয়ে সাংবাদিকদের হয়রানি বন্ধ করে সকল নির্যাতনের বিচার নিশ্চিত করা। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে রংপুর মহানগরী ও জেলার আট উপজেলায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত