মো: শাহ আলমঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের বিল নির্ধারণ করে দিয়েছে ডিএসসিসি। নির্ধারিত ১০০ টাকার বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে চুক্তি বাতিলের সিদ্ধান্তও নেওয়া হবে।
বুধবার (৪ মার্চ) দুপুরে পুরান ঢাকার লালবাগের শহিদনগর শ্মশানঘাট এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রাম-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি রাজধানীতে মশার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ডিএসসিসি মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি বাসাবাড়ি থেকে অতিরিক্ত ময়লার বিল আদায়ের অভিযোগও আসে, যা বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২০০ কর্মী অংশ নেন। দুপুর ৩টা থেকে শুরু হওয়া অভিযানে খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কার করা হয় এবং মশার ওষুধ ছিটানো হয়। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালিও অনুষ্ঠিত হয় উদ্বোধনী বক্তব্যে মোঃ আব্দুস সালাম বলেন, নির্ধারিত ১০০ টাকার বেশি ময়লার বিল দাবি করলে নগরবাসী সিটি করপোরেশনকে জানাবেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসির কবরস্থানে লাশ দাফন ও শ্মশানে দাহের নিবন্ধন ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে। সিটি করপোরেশনের কার্যক্রমে রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে প্রশাসক বলেন, ঢাকা দেশের মুখ। বিদেশিরা রাজধানী দেখেই দেশের চিত্র কল্পনা করেন। তাই ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা, কর্মসূচির কথাও উল্লেখ করেন।
পুরান ঢাকাকে আদি ঢাকা আখ্যা দিয়ে তিনি বলেন, দক্ষিণ সিটির মধ্যে পুরান ঢাকাকেই সবচেয়ে উন্নত ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে চান তারা। নিয়মিত বর্জ্য অপসারণ, সচল সড়কবাতি এবং কার্যকর মশা নিয়ন্ত্রণই এ লক্ষ্য পূরণের অঙ্গীকার। অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো: মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত