বিনোদন ডেস্কঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন সাজিয়েছে দীপ্ত টিভি। টানা সাত দিন ধরে চ্যানেলটিতে প্রচারিত হবে মোট ১৪টি জনপ্রিয় বাংলা সিনেমা। এর মধ্যে ঈদের দিন থাকছে বহুল আলোচিত চলচ্চিত্র শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।
ঈদের দিন দুপুর ১টায় প্রচারিত হবে তাণ্ডব। ২০২৫ সালের এই বাংলাদেশি অ্যাকশন চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রায়হান রাফি এবং চিত্রনাট্য লিখেছেন তিনি ও আদনান আদিব খান। একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান।
তাণ্ডব ছাড়াও ঈদের বিশেষ আয়োজনে আরও ১৩টি জনপ্রিয় বাংলা সিনেমা দেখানো হবে। ঈদের দিন সকাল ৯টায় প্রচারিত হবে ওমর। সিনেমাটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও দর্শনা বণিক। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় থাকবে সুড়ঙ্গ, পরিচালনায় রায়হান রাফি। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। একই দিন দুপুর ১টায় প্রচারিত হবে শিকারী। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তী।
ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় দেখানো হবে অন্তর্জাল, পরিচালনায় দীপংকর দীপন। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল ও এবিএম সুমন। দুপুর ১টায় প্রচারিত হবে তুফান, পরিচালনায় রায়হান রাফি। এতে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা ও চঞ্চল চৌধুরী।
ঈদের চতুর্থ দিন সকাল ৯টায় দেখানো হবে প্রহেলিকা, পরিচালনায় চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। দুপুর ১টায় প্রচারিত হবে নবাব, যেখানে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলি ও রজতাভ দত্ত। ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় থাকবে ধ্যাততেরিকি, পরিচালনায় শামীম আহমেদ রনি। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ ও নুসরাত ফারিয়া। দুপুর ১টায় দেখানো হবে বীর, পরিচালনায় কাজী হায়াৎ। এতে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী।
ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায় প্রচারিত হবে মা বাবার স্বপ্ন, পরিচালনায় রেজা লতিফ। এতে অভিনয় করেছেন মান্না ও অপু বিশ্বাস। দুপুর ১টায় প্রচারিত হবে নোলক, পরিচালনায় সাকিব সনেট। এতে অভিনয় করেছেন শাকিব খান ও ববি। ঈদের সপ্তম দিন সকাল ৯টায় প্রচারিত হবে খেয়া ঘাটের মাঝি, পরিচালনায় আরিফ মাহমুদ। এতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও শাবনূর। দুপুর ১টায় দেখানো হবে মায়ের হাতে বেহেস্তের চাবি, পরিচালনায় এফ আই মানিক। এতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। সব মিলিয়ে ঈদের ছুটিতে দর্শকদের জন্য জনপ্রিয় ও আলোচিত সিনেমার জমজমাট আয়োজন নিয়েই হাজির হচ্ছে দীপ্ত টিভি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত