মিজানুর রহমান, শেরপুরঃ
শেরপুরের নকলা ও ঝিনাইগাতী উপজেলায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নকলা উপজেলায় বিভিন্ন বাজারে মনিটরিংকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা এবং নষ্ট খাবার দোকানে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন ও পাকা রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।
অন্যদিকে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে এক অভিনব ও বীভৎস উপায়ে মাংস বিক্রির অভিযোগে বাবুল মিয়া নামে এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, তিনি বাজারের একটি পাবলিক টয়লেট দখল করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত করে তা বিক্রি করছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল।
অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। বাজার মনিটরিংয়ের সময় বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ। অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাবুল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া একই উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে অপর একটি মামলায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত