আন্তর্জাতিক ডেস্কঃ
নিরাপত্তাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসরায়েল প্রতিবেশীদের ভূমি দখল করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের বিভ্রম তৈরির অভিযোগ করেছেন তিনি। আঞ্চলিক দুই শক্তির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে তিনি বলেছেন, ইসরায়েল ‘অধিক ভূমি’ দখলের অজুহাত হিসেবে নিরাপত্তা উদ্বেগকে ব্যবহার করছে।
শনিবার তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন নগরী আন্তালিয়ায় আয়োজিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে দেওয়া বক্তৃতায় এসব অভিযোগ করেছে হাকান ফিদান। গাজা যুদ্ধ থেকে শুরু করে ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা- আঞ্চলিক বিভিন্ন সংঘাত নিয়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে প্রায় প্রতিদিনই কূটনৈতিক বাগযুদ্ধ চলছে। আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল নিজের নিরাপত্তার পেছনে ছুটছে না। ইসরায়েল আরও ভূমি দখলের পেছনে ছুটছে।
হাকান ফিদান বলেন, বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার আরও জমি দখল করার অজুহাত হিসেবে নিরাপত্তাকে ব্যবহার করছে। ফোরামে এক প্যানেল আলোচনায় ইংরেজিতে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ইসরায়েল নিজেকে নিছক আত্মরক্ষামূলক কর্মকাণ্ডে লিপ্ত হিসেবে চিত্রায়িত করে আন্তর্জাতিকভাবে একটি ‘বিভ্রম’ তৈরি করেছে। তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে এটি খুব স্পষ্ট হয়ে উঠেছে যে, বিষয়টি এর চেয়েও বেশি কিছু। ফিদান বলেন, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ড থেকে শুরু করে বর্তমানে লেবানন ও সিরিয়া পর্যন্ত ইসরায়েল এই অঞ্চলে দখলদারিত্ব ও সম্প্রসারণবাদ অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ইসরায়েলকে জানতে হবে, এই অঞ্চলে শান্তিতে বসবাস করার একমাত্র উপায় হলো অন্য দেশগুলোকে তাদের নিজস্ব নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতা ভোগ করতে দেওয়া এবং তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করা।
গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্যসহ নানা বিষয়ে তুরস্ক ও ইসরায়েল প্রায়ই দ্বন্দ্বে জড়িয়েছে। ২০১০ সালে ইসরায়েলি বাহিনী গাজার নৌ-অবরোধ ভাঙার চেষ্টাকারী একটি জাহাজের বহরে অভিযান চালালে দ্বিপাক্ষিক সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে ৯ জন তুর্কি অধিকারকর্মী এবং একজন মার্কিন নাগরিক নিহত হন। জাহাজের ওই বহর তুরস্কের একটি ত্রাণ সংস্থার সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়েছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত