তাছলিমা তমাঃ
রাজধানীর তুরাগ থানা এলাকায় চাঞ্চল্যকর অটোরিক্সা চালক সাইফুল ইসলাম (৪২) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে র্যাব-১। এ ঘটনায় মূল আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় অটোরিক্সা চালক সাইফুল ইসলাম যাত্রী বহনের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরবর্তীতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ১৭ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন।
এরই মধ্যে ১৮ ফেব্রুয়ারি তুরাগ এলাকায় একটি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হলে পরিবারের সদস্যরা সেটি সাইফুল ইসলামের লাশ হিসেবে শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পানিতে ফেলে দেয় এবং তার অটোরিক্সা ছিনিয়ে নেয়।
ঘটনার পর ভিকটিমের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে।
অভিযানের অংশ হিসেবে ১৮ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা জেলার ধামরাই ও তুরাগ এলাকা থেকে প্রধান আসামী মো. শহীদুল ইসলাম (৩৪) ও স্বপন শেখ (২৮)-কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৭ জন মিলে পরিকল্পিতভাবে সাইফুলকে যাত্রী সেজে ডেকে নিয়ে যায়। পরে তাকে অচেতন করে অটোরিক্সাসহ লেকে নিয়ে গিয়ে পানিতে ফেলে হত্যা করা হয়।
পরবর্তীতে হত্যার মূল পরিকল্পনাকারী বাবুল অটোরিক্সাটি বিক্রি করে শহীদুলকে ৭ হাজার টাকা এবং স্বপনকে বিকাশের মাধ্যমে ৪ হাজার টাকা দেয়।
এ ঘটনায় জড়িত আরও কয়েকজন আসামী ইতোমধ্যে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতদের তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত