মো. জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শী নীতি ও স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনার কারণে দেশে হামের টিকাদান কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী 'হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬'-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী ড. এম এ মুহিত এই চাঞ্চল্যকর তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে অভিযোগ করেন, গত ১৫ বছরে স্বাস্থ্যখাতে যে পদ্ধতিগত দুর্নীতি হয়েছে, তার জের ধরে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কাজের স্পৃহা হারিয়েছেন। বিশেষ করে বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা এবং তৃণমূল পর্যায়ে তদারকির অভাবে টিকাদান কার্যক্রম মুখ থুবড়ে পড়েছিল। তিনি উল্লেখ করেন, ২০২০ সালের পর নিয়ম অনুযায়ী ২০২৫ সালে একটি জরুরি টিকাদান কর্মসূচি হওয়ার কথা ছিল।তৎকালীন সরকারের নীতিগত ব্যর্থতায় সেই কর্মসূচি সম্পন্ন হয়নি, যা বর্তমান জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলেছে।
দায়িত্ব গ্রহণের পরপরই পরিস্থিতি মোকাবিলায় সরকারের তৎপরতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে চিকিৎসা ও প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যেই উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা এবং ৫টি সিটি কর্পোরেশন বা মহানগরীতে সফলভাবে টিকাদান শেষ করা হয়েছে। আজ থেকে সেই কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হলো। এবারের দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির প্রধান লক্ষ্য হলো শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো. নুরুল আমিন এবং শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানা সহ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে স্বাস্থ্যমন্ত্রী মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নির্ভয়ে এবং নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান এবং পুনরায় এমন বিপর্যয় রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত