মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় দীঘিনালা কলেজ গেইটে এ মানববন্ধনের আয়োজন করে দীঘিনালা ফারিয়া। মানববন্ধনে সভাপতিত্ব করেন দীঘিনালা ফারিয়ার সভাপতি মোঃ তাহেরুল ইসলাম (সোহাগ)। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সিনিয়র সদস্য হাসিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চললেও কর্মক্ষেত্রে প্রতিনিয়ত অবহেলা, হয়রানি ও অসম্মানজনক আচরণের শিকার হচ্ছেন। চিকিৎসক, ফার্মেসি ও স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বয় করে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সেই তুলনায় তারা ন্যায্য মর্যাদা পাচ্ছেন না।বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা উচ্চশিক্ষিত, প্রশিক্ষিত ও পেশাদার কর্মী।
অথচ বিভিন্ন স্থানে তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। কর্মক্ষেত্রে নিরাপত্তা, সম্মানজনক আচরণ ও পেশাগত অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা অবিলম্বে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, অযৌক্তিক হয়রানি বন্ধ এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীরা দাবি আদায়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত