রুস্তম ফারাজী,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করণীয়” শীর্ষক এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে দুর্নীতিবিরোধী মূল্যবোধে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
গত বুধবার (১০ জুন ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে, কেশবপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দীন ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান-মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন করে মোট ১২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষার্থীদের উপস্থাপনা ও যুক্তিনির্ভর বক্তব্য উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। বিচারকদের মূল্যায়নে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ৬০ দশমিক ৮৩ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৫৬ নম্বর পেয়ে রানারআপ হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত