জসিম উদ্দিনঃ
ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কতৃক দায়ের করা একটি মামলায় বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মো. মিজানুর রহমান মোল্লার স্ত্রী ইসরাত জাহান (দিপা)-কে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) ফরিদপুরের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. শরীফ উদ্দীন, মামলা নং-০৫/২০২২-এর রায়ে এ আদেশ দেন। আদালতের রায়ে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ৩০ নভেম্বর দুদকের দায়ের করা মামলায় ইসরাত জাহান দিপা-কে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করা হয়। তবে একই মামলায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে ওই অভিযোগ থেকে খালাস প্রদান করেন । রায়ের সময় আসামি জামিনে থাকায় তাকে সাজা পরোয়ানামূলে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৫এ ধারা অনুযায়ী, পূর্বে হাজতবাস করে থাকলে সেই সময় সাজা থেকে সমন্বয় করার নির্দেশও দেওয়া হয়।
এছাড়া আদালত ইসরাত জাহানের জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত ১ কোটি ৬৯ লাখ ৪ হাজার ২৭১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।
রায়ের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত