মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ
বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ আগামীর বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান এবং চাকমা সার্কেলের সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস নাজমা আশরাফী।
এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য মিস নিরুপা দেওয়ান, বিশিষ্ট শিক্ষাবিদ মিস বাঞ্চিতা চাকমা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষমেলার মাধ্যমে জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত