পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে আবারও নড়বড়ে বিদ্যুতের খুঁটি নিয়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত মে মাসে উপজেলার শিমুলিয়া এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পৌরসভার ব্যস্ততম তুমুলিয়া মোড়ে একটি বিদ্যুতের খুঁটির গোড়া থেকে মাটি সরে গিয়ে বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় খুঁটিটি ভেঙে পড়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, তুমুলিয়া মোড় কালীগঞ্জ পৌরসভার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা। এখানে চারটি বাস ও অটোরিকশা স্ট্যান্ড থাকায় প্রতিদিন হাজারো মানুষ এবং শত শত যানবাহনের চলাচল হয়। এমন গুরুত্বপূর্ণ স্থানে থাকা একটি বিদ্যুতের খুঁটির গোড়ার মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে গর্তটি আরও বড় আকার ধারণ করেছে। স্থানীয়দের মতে, খুঁটিটি বর্তমানে কেবল বৈদ্যুতিক তারের টানেই কোনোভাবে দাঁড়িয়ে রয়েছে। বর্ষাকালে ঝড়ো হাওয়া বা ভারী বৃষ্টিতে এটি উপড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।
খুঁটির পাশেই দোকান রয়েছে মো. মিলন মোল্লার। তিনি বলেন, খুঁটিটি আমার দোকানের ঠিক সামনে। গোড়ার মাটি প্রায় নেই বললেই চলে। সামান্য ঝড়-বৃষ্টিতেই এটি ভেঙে পড়তে পারে। তখন শুধু আমার দোকান নয়, পাশের অটোরিকশা স্ট্যান্ডে থাকা চালক ও যাত্রীরাও বড় ঝুঁকিতে পড়বেন। আমরা প্রতিদিন আতঙ্কের মধ্যে ব্যবসা করছি। স্থানীয়দের আশঙ্কার পেছনে রয়েছে সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনা। গত ৬ মে উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় একটি বিদ্যুতের খুঁটি উপড়ে চলন্ত অটোরিকশার ওপর পড়ে স্কুলশিক্ষিকা শিউলি বেগম (৪৫) নিহত হন। ওই ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হন। সে সময় অভিযোগ ওঠে, খুঁটি স্থাপনে প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করা হয়নি এবং গোড়ায় পর্যাপ্ত মাটি ছিল না। সেই ঘটনার পরও উপজেলার ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিগুলো পরীক্ষা ও সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর নবযোগদানকৃত উপ-মহাব্যবস্থাপক (প্রকৌশল) মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি এখনই জানতে পেরেছি। স্থানটি গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহলের দাবি, শিমুলিয়ার মর্মান্তিক দুর্ঘটনার পর উপজেলার সব ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি পরীক্ষা ও সংস্কার করা উচিত ছিল। কিন্তু তুমুলিয়া মোড়ের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে, এখনো প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই নড়বড়ে খুঁটিটি অপসারণ বা সংস্কার করে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত