যশোর প্রতিনিধি :রফিকুল ইসলাম সবুজ:
সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ৯:০০ টায় কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা থাকলেও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যশোর রিজিওন অফিসে দেখা গেছে ভিন্ন চিত্র। কর্মকর্তা-কর্মচারীরা চলছেন নিজেদের খেয়ালখুশিমতো। অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারীই নির্ধারিত সময়ের বেশ পরে কার্যালয়ে আসছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল ৯:০০ টা থেকে ৯:২০ মিনিটের মধ্যে হাতেগোনা কয়েকজন কর্মচারী অফিসে এলেও নির্বাহী প্রকৌশলী (সওকা) মাযহারুল ইসলাম কর্মস্থলে আসেন সকাল ৯:৩৮ মিনিটে। তিনি কার্যালয়ে প্রবেশ করার পরই তাঁর দেখাদেখি বাকি কর্মকর্তা-কর্মচারীরা আস্তে আস্তে অফিসে ঢুকতে শুরু করেন।
দেরিতে আসার কারণ জানতে চাইলে হিসাব কর্মকর্তা রাসেল জানান, তিনি অফিসের ডরমিটরিতে থাকেন এবং নিচে কিছু কাজ থাকায় অফিসে উঠতে কিছুটা সময় লেগেছে।
দেরিতে প্রবেশের বিষয়ে নির্বাহী প্রকৌশলী মাযহারুল ইসলাম বলেন, "পারিবারিক কারণে আজ আসতে একটু লেট হয়েছে।" অন্যদিকে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বিলম্বে আসার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, "ওরা তো সাধারণত সঠিক সময়েই আসে, তবে আজ কেন এমন হলো তা আমার জানা নেই।"
স্বয়ং দেশের শীর্ষ পর্যায় যেখানে নির্ধারিত সময়ে অফিস কার্যক্রম শুরু করেন, সেখানে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
অফিস সময়ের তোয়াক্কা না করার পাশাপাশি বদলি সংক্রান্ত সরকারি নিয়ম লঙ্ঘনের অভিযোগও উঠেছে এই কার্যালয়ে। সরকারি নীতিমালা অনুযায়ী একজন কর্মকর্তার এক কর্মস্থলে টানা ৩ বছর থাকার কথা থাকলেও সহকারী প্রকৌশলী জাকির হোসেন ২০১৯ সালে এখানে যোগদান করে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৭ বছর ধরে একই পদে বহাল রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রকৌশলী জাকির হোসেন মুঠোফোনে জানান, "লোকবল সংকটের কারণে আমি এই অফিসে অবস্থান করছি, এর পেছনে অন্য কোনো কারণ নেই।"
সার্বিক বিষযে বিএডিসি (সেচ)-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে দাপ্তরিক কাজে বরিশালে আছেন। তিনি বলেন, "আমি এ বিষয়ে কিছু জানি না, তবে মাযহারুলকে বলে দেব যেন এভাবে আর ভুল না হয়।"
সহকারী প্রকৌশলী জাকির হোসেনের ৭ বছর ধরে একই অফিসে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "ওনার চাকরি আগামী মাসেই শেষ হচ্ছে, এ কারণেই আমরা নতুন করে কোনো পদক্ষেপ নিইনি।"
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বশীল কর্মকর্তাদের এ ধরনের অনিয়ম ও দীর্ঘমেয়াদী অবস্থান প্রশাসনিক শৃঙ্খলা এবং সেবা প্রদানের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত