এম ইদ্রিস আলী
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ও একটি রাস্তার উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
শনিবার (৮ আগস্ট) বিকেলে জালালাবাদ ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও রাস্তার ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন করেন মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, বিএনপি উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতিতে বিশ্বাসী। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তা উন্নয়ন, বৃক্ষরোপণ, জলাবদ্ধতা নিরসনসহ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
তিনি আরও বলেন, নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে অসহায় মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিতদের বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আরোও বলেন “আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু এখন জনগণ তাদের ভুল বুঝতে পেরেছেন।
আগামী দিনে এলাকার উন্নয়নের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, মৎস্যজীবী দলের সভাপতি নুরুল আমিন খান, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুর রহমান আপেল, জয়নগর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাজালাল আহমেদ সাজু, ছাত্রনেতা শেখ রাকিব, শেখ রাব্বি, মোহররম হোসেন ইয়ান, সাব্বির খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে অতিথিরা রাস্তার
উদ্বোধন করেন এবং স্থানীয়দের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত