স্টাফ রিপোর্টারঃ জসিম উদ্দিনঃ
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সর্বস্তরে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি এবং মোটরযান আইন প্রয়োগ ও ব্যবস্থাপনায় ন্যায্যতার ভারসাম্য প্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে, কার কমিউনিটি, বাইক কমিউনিটি,ও সচেতন নাগরিক প্ল্যাটফর্ম'-এর ব্যানারে আয়োজিত এই শান্তিপূর্ণ আন্দোলনে বিভিন্ন পেশাজীবী, মোটরসাইকেল আরোহী, সাধারণ চালক ও পথচারীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সড়কে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত না হওয়ার প্রধান কারণ নীতিমালার অসম প্রয়োগ এবং অযৌক্তিক জরিমানা ব্যবস্থা। শুধু চালক বা গণপরিবহনের ওপর কঠোর আইন চাপিয়ে দিলেই সড়ক নিরাপদ হয় না; বরং সড়ক অবকাঠামোর উন্নয়ন, সঠিক পার্কিং ব্যবস্থা এবং আইন প্রয়োগে স্বচ্ছতা বজায় রাখা জরুরি।
আন্দোলনকারীদের প্রধান দাবিসমূহ:আইনের সুষম প্রয়োগ: ট্রাফিক আইন বাস্তবায়নে কোনো ধরনের পক্ষপাত বা হয়রানি বন্ধ করে চালক, পরিবহন মালিক ও পথচারী-সবার জন্য সমান নিয়ম নিশ্চিত করা।
জনসচেতনতা জোরদার: গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক মাধ্যম ব্যবহার করে নিয়মিত ট্রাফিক নিয়মসংক্রান্ত প্রশিক্ষণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো।
যৌক্তিক জরিমানা ও ফি কাঠামো: মোটরযান নিবন্ধন, ফিটনেস পরীক্ষা ও ট্রাফিক সংক্রান্ত জরিমানার পরিমাণ সাধারণ ব্যবহারকারীদের সাধ্যের মধ্যে এনে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা।
সুনির্দিষ্ট লেন ও পার্কিং ব্যবস্থা: মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের জন্য পৃথক লেন এবং পর্যাপ্ত পার্কিং স্পেস তৈরি না করে ঢালাওভাবে মামলা প্রদান বন্ধ করা।
আধুনিক প্রযুক্তির ব্যবহার: ম্যানুয়াল ট্রাফিক নিয়ন্ত্রণের পরিবর্তে ডিজিটাল সিগন্যালিং এবং স্বয়ংক্রিয় ই-প্রসিকিউশন ব্যবস্থা চালুর মাধ্যমে দুর্নীতি ও অসচ্ছতা দূর করা।
বক্তারা আরও উল্লেখ করেন, নিরাপদ সড়ক গড়ার জন্য সাধারণ নাগরিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আবশ্যক। মোটরযান আইনকে শাস্তিমূলক না বানিয়ে শিক্ষণীয় ও জনবান্ধব করার জোর দাবি জানান তারা। কর্মসূচি শেষে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তাদের স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত