মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি শহরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে লংগদু স্টুডেন্টস ফোরাম। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য ফারুক আহমেদ সাব্বির, সদস্য সায়রা চন্দ্রা, লংগদু স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা আবু নাছির, সভাপতি নুরুল আলম, রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুস সালাম এবং লংগদু উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হানুল হক।
অনুষ্ঠানে লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন শিক্ষার্থীদের বাবা-মাকে সম্মান করার পাশাপাশি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জীবনে নানা ধরনের পরিস্থিতি আসবে। কোনো সময় কঠিন অবস্থার মুখোমুখি হলেও হতাশ হওয়া যাবে না। তোমাদের মেধা ও যোগ্যতার মাধ্যমে আগামী দিনের দেশ আলোকিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের মেধাবীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তোমরাই আগামী দিনের দেশের মুকুট। তাই শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান ও মেধাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। পড়ালেখার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন। জেলা পরিষদের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে লংগদু স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দ, সংবর্ধিত কৃতি শিক্ষার্থী, অভিভাবক, এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত