শরীয়তপুর সংবাদদাতা:
শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আহত জুলাই যোদ্ধাদের জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী দিয়ে ফুল দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষোভ প্রদর্শন করেছেন আহত জুলাই যোদ্ধারা। যদিও জেলা প্রশাসকের দাবি, নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) নেতৃত্বে ফুল দেওয়া হয়েছে এবং অভিযোগ সঠিক নয়। জেলা প্রশাসন সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আন্দোলনে শহীদ হওয়া ১৪ জনের পরিবার ও ৮৩ জন আহতদের মাঝে রাষ্ট্রীয় সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় ১৪ জন শহীদের পরিবারের হাতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার নিজে উপহার তুলে দিলেও ভিন্নতা দেখা যায় আহতদের উপহার ও ফুলেল শুভেচ্ছা দেওয়ার ক্ষেত্রে। আহতদের মাঝে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের দিয়ে ফুল দেওয়া হয় বলে অভিযোগ জুলাই যোদ্ধাদের।
নারী জুলাই যোদ্ধা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘এখানে আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরই সহযোদ্ধা। তাদের পরিবারের হাতে ডিসি নিজে সম্মাননা তুলে দিয়েছেন এটি বেশ ভালো, তবে আমাদের বেলায় কেন আলাদা ভাবে দিচ্ছেন। এখানে প্রশ্ন থেকেই যায়। জুলাই ওয়ারিয়র্স জেলা শাখার সদস্য সচিব ও জুলাই যোদ্ধা আব্দুর রহমান ডালিম বলেন, ‘আমরা জানতাম আমাদের জেলা প্রশাসক ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেবেন। কিন্তু জেলা প্রশাসক সেই জায়গায় ব্যর্থ হয়েছেন। এটি আসলেই দুঃখজনক। এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এটাই আমরা চাই।’
ফাতেমা ইয়াসমিন নামের আরেক নারী জুলাই যোদ্ধা বলেন ডিসি বা অন্য ম্যাজিস্ট্রেট দিয়ে আমাদের ফুল দেওয়ার কথা ছিলো কিন্তু তারা আমাদের ডিসি অফিসের পিয়ন দিয়ে ফুল ও উপহার দিয়েছেন। এর আগেও জেলা প্রশাসন আমাদের জুলাই কন্যাদের উপহার দিয়েছেন পিয়ন দিয়ে, তারা ফুল অনেকের হাতের ওপর ফেলে দিয়েছে। আমরা কখনোই তাদের থেকে সম্মান পাইনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন এনডিসির নেতৃত্বে ফুল দেওয়া হয়েছে এবং তিনি নিজেই ছিলেন। যারা অভিযোগ করেছেন, এই অভিযোগ সঠিক নয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত