ডেস্ক রিপোর্টঃ
আফগানিস্তানের মাজার-ই-শরীফ বা নীল মসজিদটি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত প্রায় ১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চল। নীল মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। যা দেশটির অন্যতম সুন্দর মসজিদের একটি। এখানে খলিফা হযরত আলী (রাঃ)-এর কবর রয়েছে বলে দাবি করা হয়। যদিও ঐতিহাসিক দলিল বলে হযরত আলীকে ইরাকের নাজাফে কবরস্থ করা হয়েছে। আততায়ীর তলোয়ারের আঘাতে ইরাকের কুফায় মৃত্যু হওয়ার পর তাকে নাজাফে নিয়ে কবর দেওয়া হয়।
তবে আফগানিস্তানের স্থানীয়রা দাবি করে থাকেন, শত্রুর হাত থেকে হযরত আলীর মরদেহকে রক্ষায় গোপনে সেটি খোরাসানে (আফগানিস্তান) আনা হয় এবং বর্তমান মাজার ই-শরীফ নামে পরিচিত স্থানটিতে সমাহিত করা হয়। যদিও এই দাবির পক্ষে শক্তিশালী কোনো প্রমাণ নেই। এদিকে নতুন এ ভূমিকম্পে দেশটিতে অন্তত ১০ জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ক্ষতিগ্রস্ত এলাকায় এখন ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এক মেয়ে শিশুকে টেনে বের করা হচ্ছে। জীবিত থাকলেও শিশুটি মারাত্মক আহত হয়েছে। মাজার ই-শরীফের রাহিমা নামে এক নারী সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ভূমিকম্প আঘাত হানার পর আমার পরিবার ভয়ার্ত অবস্থায় ঘুম থেকে জেগে ওঠে। আমার মেয়ে চিৎকার করতে করতে নিচে নামে। আমার জীবনে আমি এমন শক্তিশালী ভূমিকম্প অনুভব করিনি। আমার বাড়ি কংক্রিটের, তাই কিছু হয়নি। কিন্তু যাদের বাড়ি মাটির, সেগুলো অক্ষত আছে কি না আমি জানি না।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত